রাঙামাটির লংগদু উপজেলায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২২ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে তাদের হাতে এই সহায়তা তুলে দেওয়া হয়।
বন্যহাতির আক্রমণে মৃত দুই জনের পরিবারের মাঝে ২ লাখ টাকা, আহত ও ক্ষতিগ্রস্ত ১০ পরিবারকে ১ লাখসহ মোট তিন লাখ টাকা দেওয়া হয়।
নিহত তরুনা চাকমার স্বামী নন্দ কুমার চাকমা বলেন, ‘আমি আমার স্ত্রীকে হারিয়ে বাচ্চাদের নিয়ে কষ্টে ছিলাম। যেই টাকা পেলাম, সেটা দিয়ে বাচ্চাদের পড়াশোনার খরচের কাজে লাগবে।’
আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন লংগদু উপজেলা নির্বাহী অফিসার প্রবীর কুমার রায়। এছাড়া সহকারী বন সংরক্ষক কাজল তালুকদার, মাইনী স্টেশন কর্মকর্তা আলমগীর হোসোর, ৪নম্বর বগাচত্তর ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ উপস্থিত ছিলেন।








