চট্টগ্রামের ৬ আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আরও ৫ সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। শুক্রবার (২৩ নভেম্বর) চট্টগ্রাম জেলা রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কার্যালয়ে তারা মনোনয়নপত্র জমা দেন। জেলা নির্বাচন কর্মকর্তা মুনীর হোসাইন খান এ তথ্য নিশ্চিত করেন।
এ নিয়ে ৯ আসনে ৮ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর আগে বৃহস্পতিবার তিন আসনে ৩ জন মনোনয়নপত্র জমা দেন।
মুনীর হোসাইন খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শুক্রবার ইসলামী আন্দোলন বাংলাদেশের ৫ জন সম্ভাব্য প্রার্থী ৬ আসনে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ নিয়ে গত দুই দিনে মোট ৮ জন ৯ আসনে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।’
মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীরা হলেন– চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে সামছুল আলম হোসেন, চট্টগ্রাম-১০ (ডবলমুরিং) আসনে মো. জান্নাতুল ইসলাম, চট্টগ্রাম-১২ (পটিয়া) ও চট্টগ্রাম-১৪ আসনে মুহাম্মদ দেলাওয়ার হোসেন সাকী মনোনয়নপত্র জমা দিয়েছেন। চট্টগ্রাম-১৩ ( আনোয়ারা- কর্ণফুলী) আসনে মোহাম্মদ এরফানুল হক এবং চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে সামছুল আলম হাসেম মনোনয়নপত্র জমা দিয়েছেন।








