একাদশ সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হলে এলাকার উন্নয়ন বরাদ্দ থেকে এক পয়সাও নেবেন না বলে জানিয়েছেন লক্ষ্মীপুর-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম ফারুক পিংকু। সোমবার (২৬ নভেম্বর) বিকালে লক্ষ্মীপুরে নির্বাচনি এলাকা সফরকালে তিনি এ কথা বলেন।
পিংকু বলেন, ‘১৮ বছর সাধনার পর জননেত্রী শেখ হাসিনা আমাকে মূল্যায়ন করে মনোনয়ন চিঠি দিয়েছেন। এতে আমি খুব আনন্দিত। এমপি হলে মানুষের মৌলিক অধিকার রক্ষায় নিরলস কাজ করবো। দলীয় নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে। সরকারের উন্নয়ন বরাদ্দ থেকে এক পয়সাও নেবো না।’
তিনি আরও বলেন, ‘লক্ষ্মীপুর-৩ সদর আসনে ১২টি ইউনিয়নের মধ্যে ৮টি ইউনিয়ন পূর্বাঞ্চলে। আমাকে মনোনয়ন দেওয়া হলে এ ৮টি ইউনিয়নের মানুষ দলমত নির্বিশেষে নৌকায় ভোট দেবে বলে বিশ্বাস করি।’








