বান্দরবানে অবৈধভাবে পাহাড় কেটে বোতল ফ্যাক্টরি স্থাপনের অভিযোগে ফিল (প্রা. ) কোম্পানি লিমিটেডকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশগত ছাড়পত্র বিহীনভাবে প্রতিষ্ঠান পরিচালনা করে ক্ষতি সাধন করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫-এর ধারা ৭ এর আলোকে ওই কোম্পানিকে এই জরিমানা করা হয়। মঙ্গলবার (৪ ডিসেম্বর) পরিবেশ অধিদফতরের চট্টগ্রাম অঞ্চলের কার্যালয়ে জরিমানা আদায় করা হয়।
এর আগে গত ২ ডিসেম্বর বাংলা ট্রিবিউনে ‘বান্দরবানে পাহাড় কেটে চলছে বোতল ফ্যাক্টরি স্থাপনের কাজ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এ নিউজের সত্যতা যাচাই করতে সরেজমিন তদন্তে আসে পরিবেশ অধিদফতরের চট্টগ্রাম অঞ্চলের কর্মকর্তাসহ একটি তদন্ত টিম। পরে ঘটনার সত্যতা পেয়ে মঙ্গলবার বিকালে ওই কোম্পানি থেকে ১০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। বিষয়টি সহকারী পরিচালক মুক্তাদির হাসান স্বাক্ষরিত এক প্রেস রিলিজের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে।
এ বিষয়ে পরিবেশ অধিদফতর চট্টগ্রাম অঞ্চলের উপ পরিচালক মো. ফেরদৌস আনোয়ার বলেন, ‘বাংলা ট্রিবিউনে পাহাড় কাটার সংবাদ দেখে আমরা ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পেয়ে ফিল (প্রা. ) কোম্পানি থেকে ১০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
উল্লেখ্য, বান্দরবান সুয়ালকে বিশ্ববিদ্যালয়ের জন্য নির্ধারিত স্থানের পাশে প্রায় ৫ একরেরও বেশি জায়গা কেটে সাবাড় করা হয়েছে। এসব পাহাড় কাটতে ব্যবহার করা হয়েছে তিনটি স্কেভেটর আর মাটি সরাতে ব্যবহার করা হয়েছে বেশ কয়েকটি ডাম্পার ট্রাক।








