আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন,‘দেশের এমন কোনও সঙ্কট নেই কিংবা হবে না। সঙ্কট বিএনপির অভ্যন্তরে। বিএনপি যদি অভ্যন্তরিন সঙ্কটের কারণে নির্বাচন থেকে সরে না যায়, তবে দেশে একটা গ্রহণযোগ্য,অর্থবহ ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠিত হবে।’ রবিবার দুপুরে ফেনীতে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন।
ফেনী-২ আসনের দলীয় প্রার্থী নিজাম হাজারির জেলা শহরের নির্বাচনি প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এই মত বিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জাসদের সাধারণ সম্পাদক শিরিন আক্তার এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান বিকমসহ জেলা আওয়ামী লীগের নেতারা।
ওবায়দুল কাদের এমপি বলেন,‘খালেদা জিয়াকে আওয়ামী লীগ জেল দেয়নি। এতিমের টাকা আত্মসাতের জন্য তিনি আদালতে মাধ্যমে দণ্ডিত হয়েছেন। খালেদা চাইলে রাষ্ট্রপতির কাছে দণ্ডমওকুপের আবেদন করতে পারেন।
ওবায়দুল কাদের এমপি বলেন,‘সড়ক মহাসড়কের পাশের কোনও স্থাপনা ভাঙা হবে না। কোনও গরিবের পেটে সরকার লাথি মারবে না।’
এরশাদকে বিদেশ যেতে দেওয়া হচ্ছে না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, এমন অভিযোগ সঠিক নয় এরশাদ চাইলে যে কোনও মুহূর্তে বিদেশ যেতে পারেন ।








