একাদশ সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন চট্টগ্রামে ১৯ জন তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন। রবিবার (৯ ডিসেম্বর) রিটার্নিং অফিসার কার্যালয়ে এসে তারা প্রার্থিতা প্রত্যাহার করে নেন। জেলা নির্বাচন কর্মকর্তা মুনীর হোসানই খান এ তথ্য জানিয়েছেন।
মুনীর হোসানই খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চট্টগ্রামে ১৯ জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। এর মধ্যে নগরীর ৬ আসনে ৯ জন, অন্যরা নগরীর বাইরে জেলার অপর ১০ আসনে নির্বাচনের জন্য মনোনয়ন সংগ্রহ করেছিলেন।’
নগরীর ৬ আসনে মনোনয়ন প্রত্যাহার করে নেওয়া প্রার্থীরা হলেন– চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী আবুল বশর মোহাম্মদ জয়নাল, চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে বিএনপির প্রার্থী সাকিলা ফারজানা, চট্টগ্রাম-৮ (বোয়ালখালী) আসনে জাতীয় পার্টির (জেপি) ফাতেমা খুরশীদ সোমায়া, চট্টগ্রাম-৯ (কোতোয়ালী) আসনে ওয়ার্কার্স পার্টির প্রার্থী আবু হানিফ, ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) আলী নেওয়াজ খান, চট্টগ্রাম-১০ (পাহাড়তলী) আসনে স্বতন্ত্র প্রার্থী শাহজাহান চৌধুরী, আনিসুর রহমান, চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি’র ক্যাপ্টেন শহিদ উদ্দিন মাহবুব ও জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের জসিম উদ্দিন।
এর বাইরে জেলা অপর ১০ আসনে মনোনয়ন প্রত্যাহার করেন নেন ৯ জন। তারা হলেন– চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বিএনপির প্রার্থী কামাল উদ্দিন আহমেদ, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিকল্প ধারার প্রার্থী মাজহারুল হক শাহ, চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে বিএনপি’র প্রার্থী আবু আহমেদ হাসনাত, একই দলের অপর প্রার্থী শওকত আলী নুর এবং ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী আহমেদ রেজা। এ ছাড়া, চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে এলডিপি’র প্রার্থী নাহিদা ফারহানা, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা) আসনে বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনে জাসদের প্রার্থী সুষশময় চৌধুরী, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে বিএনপি’র প্রার্থী শেখ মোহাম্মদ মহিউদ্দিন এবং চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে এলডি’র প্রার্থী কফিল উদ্দিন চৌধুরী মনোনয়ন প্রত্যাহার করে নেন।
প্রসঙ্গত, চট্টগ্রামের ১৬ আসনে মোট ১৮০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে মনোনয়ন যাছাই-বাছাইয়ে ৪৬ জনের মনোনয়ন বাতিল করে নির্বাচন কমিশন।








