কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের নৌকার প্রার্থী শাহিন আক্তার নিজ কেন্দ্র ভোট দিয়ে দিনের কর্মসূচি শুরু করেছেন। (৩০ ডিসেম্বর) রবিবার সকাল ৮ টার দিকে টেকনফ পৌরসভার চৌধুরী পাড়ার হাজি ইসলাম শাহজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন নৌকার প্রার্থী। এসময় ওই কেন্দ্র ভোট দিয়েছেন তার স্বামী ও বর্তমান সরকার দলীয় এমপি আবদুর রহমান বদি।
সরেজমিন দেখা যায়, রবিবার সকাল ৮টার দিকে চৌধুরী পাড়ার হাজি ইসলাম শাহজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নারী ও পুরুষ ভোটারদের লাইন ধরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এ কেন্দ্র ৪টি বুথে ১ হাজার ১৫০ জন ভোটার ভোট দিবেন। তার মধ্যে পুরুষ ৫৯৮ ও নারী ৫৫২ জন। এছাড়া টেকনাফ ডিগ্রী কলেজ ও টেকনাফ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়েও ভোটারদের লাইন দেখা গেছে। তবে পুরুষ ভোটারদের সংখ্যা কম।
ভোট শেষে নৌকার প্রার্থী শাহিন আক্তার বলেন, ভোটের পরিবেশ নিয়ে আমি খুশি। এ নিয়ে কোনও শঙ্কা নেই। যে কোনো ফল মেনে নেব। তবে বিজয়ের বিষয়ে আমি আশাবাদী।
বর্তমান সংসদ আবদুর রহমান বদি বলেন, ‘আমি নিজে ভোট দিয়েছি, এলাকার ভোটারদের নির্বিঘ্নে ভোট দিতে উৎসাহিত করা হচ্ছে। ভোটাররা উৎসমুখর পরিবেশে ভোট দিতে আসছে।’
নতুন ভোটার মোহাম্মদ কামাল হোসেন বলেন, ‘জীবনের প্রথম ভোট পছন্দের প্রার্থীকে দিতে পেরে আমি খুব খুশি। যাকে ভোট দিয়েছি তার বিজয় হবে বলে আশা করছি।’
ওই কেন্দ্রে প্রিজাইডিংয়ের দায়িত্ব থাকা উপজেলা মেডিক্যাল কর্মকর্তা প্রণয় রুদ্র বলেন, ‘সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। শুরু থেকেই ভোটারা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে ভোটে দেওয়া জন্য অপেক্ষা করছে। তবে এ কেন্দ্রে সকাল সাড়ে ৮টা পর্যন্ত ধানের শীষ কোনও এজেন্ট দেয়নি।’
সহকারী রিটানিং কর্মকর্তা ও টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল হাসান বলেন, ‘সকাল ৮টা থেকে শান্তিুপূর্ণ ও সুষ্টু পরিবেশে ভোট গ্রহন চলছে। তবে টেকনাফে এখনো পর্যন্ত কোনও ধরনের বিশৃঙ্খালার খবর পাওয়া যায়নি।’
একটি পৌরসভা ও ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসন। এই আসনে ছয়জন প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছেন।
তারা হলেন, আ.লীগের সাংসদ আবদুর রহমান বদির স্ত্রী শাহীন আক্তার (নৌকা), বিএনপির সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী (ধানের শীষ), জাতীয় পাটির (এরশাদ) আবুল মনজুর (লাঙ্গল), বাংলাদেশ মুসলিম লীগের সাইফুদ্দিন খালেদ (হারিকেন), ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ শোয়াইব (হাতপাখা) ও ইসলামী ঐক্যজোটের রবিউল হোসাইন (মিনার)।
এ আসনে ভোটার ২ লাখ ৬৬ হাজার ১৪৬ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৩২ হাজার ১ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৩৪ হাজার ১৪৫ জন। এ আসনের ১০০টি ভোট কেন্দ্র রয়েছে। এসব ভোটারা ১০০টি ভোট কেন্দ্রে ভোট প্রদান করবেন। তার মধ্যে উখিয়ায় ৫টি ইউনিয়নে ৪৫টি এবং টেকনাফে একটি পৌরসভা ও ছয়টি ইউনিয়নে ৫৫টি কেন্দ্রে।







