সারাদেশের মতো পার্বত্য জেলা বান্দরবান সংসদীয় আসনের ১৭৬টি ভোটকেন্দ্রে একযোগে চলছে ভোটগ্রহণ। রবিবার সকাল থেকে বান্দরবানের কেন্দ্রগুলোতে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন ভোটাররা ।
প্রিজাইডিং অফিসাররা জানিয়েছেন, শীতের তীব্রতা থাকায় ভোটকেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি অনেকটা কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই সংখ্যা বাড়তে পারে ।
৪নং ওয়ার্ডের ভোটার মো. ইসহাক জানান, ভোট খুব শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে । সকালে কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছি । এত সুন্দর ভোটের পরিবেশ আর কোথাও নেই ।
এদিকে সকাল ৯টার দিকে আওয়ামী লীগ প্রার্থী বীর বাহাদুর বান্দরবান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এবং বিএনপির মনোনীত প্রার্থী সাড়ে ৮টায় আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটাধিকার প্রয়োগ করেছেন ।
আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বীর বাহাদুর সাংবাদিকদের জানিয়েছেন, উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে । ভোটাররা উৎসাহ উদ্দীপনা নিয়ে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন।
বান্দরবান ৩০০ নম্বর সংসদীয় আসনে এবার মোট ভোটার ২ লাখ ৪৬ হাজার ৭৫৪ জন। এর মধ্যে ১ লাখ ২৮ হাজার ১৩০ জন পুরুষ ও ১ লাখ ১৮ হাজার ৭৫৪ জন নারী ভোটার। এই আসনে মোট ভোট কেন্দ্র ১৭৬টি ।








