নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে বেগমগঞ্জ উপজেলার তুলাচারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নির্বাচনি সহিংসতায় নিহত নূরনবীর দাফন সম্পন্ন হয়েছে। সোমবার তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। দাফনের জন্য তার পরিবারকে ২৫ হাজার টাকা দেওয়া হয়। আর আজ মঙ্গলবার (১ জানুয়ারি) মহাপরিচালকের পক্ষ থেকে ১ লাখ টাকা দেওয়া হয়। এছাড়া চাকরিবিধি অনুযায়ী সরকারি সাহায্য ও সহযোগিতা করার আশ্বাস দেওয়া হয়েছে।
আনসার ও ভিডিপি নোয়াখালী জেলা কমান্ড্যান্ট সৈয়দ ইফতেখার আলী এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বাহিনীর পক্ষ থেকে তার দাফন-কাফন এর জন্য পঁচিশ হাজার টাকা, মহাপরিচালকের পক্ষ থেকে ১ লাখ টাকা দেওয়া হবে। এছাড়া দায়িত্বরত অবস্থায় মৃত্যুর জন্য ৫ লাখ টাকা এবং আনসার বাহিনীর জাতীয় সমাবেশে সাহসিকতার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আনসার পদক প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয় এবং তার সন্তানদের লেখাপড়া ও চাকরির জন্য সার্বিক সহযোগিতা করা হবে।
প্রসঙ্গত, নির্বাচনের দিন দুপুরে তুলাচারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২৫/৩০ জন মুখোশধারী দুর্বৃত্ত আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। এসময় তারা ভোটকেন্দ্রে গুলি ছুড়ে। এসময় প্রিজাইডিং অফিসারের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য নূরনবী প্রিজাইডিং অফিসারের রুমের দরজা বাইরে থেকে বন্ধ করে দেয়। হামলাকারীরা প্রথমে দরজা খুলে দেওয়ার জন্য তাকে মারধর করে। দরজা খুলতে ব্যর্থ হয়ে নূরনবীর পিছন দিক থেকে গুলি করে তার মৃত্যু নিশ্চিত করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা। পরে, কেন্দ্রে থাকা অন্য আনসার সদস্যরা নূরুনবীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।








