বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনীর সদস্যরাসহ যারাই ভোট কারচুপির সঙ্গে জড়িত ছিল, ভবিষতে তাদের বিচারের আওতায় আনা হবে।’
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ফেনী-৩ আসনে নির্বাচনি সহিংসতায় আহত বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, ‘ভোট কারচুপির সঙ্গে জড়িতরা বিশ্বাসঘাতকতা করেছে। গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য ৭১ সালে যুদ্ধ করে এদেশ স্বাধীন করেছিলাম। আমরা কখনো ভাবিনি, জনগণের করের টাকায় যারা বেতন পায়, যারা প্রশাসনে আছে, পুলিশে আছে, বিজিবিতে আছে, সেনাবাহিনীতে আছে, তারা অন্যায় প্রতিষ্ঠার জন্য বে-আইনি কাজগুলো করবে; রাষ্টের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে।’
মতবিনিময় সভায় জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আওয়াল মিন্টু, দলটির ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান প্রমুখ বক্তব্য রাখেন।







