ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ট্রেন থেকে ছিটকে নিচে পড়ে গিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম রেলপথের দ্বিতীয় তিতাস রেলওয়ে সেতুর পাশ থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিচয় জানা যায়নি।
আখাউড়া রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কান্তি দাস জানান, নিহতের আনুমানিক বয়স ৪০ থেকে ৪৫ বছর হবে। তবে এখন পর্যন্ত নিহতের পরিচয় জানা যায়নি। ধারণা করা হচ্ছে, রাতে কোনও একটি ট্রেন থেকে নিচে ছিটকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন অংশ থ্যাতলে গেছে। সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে।








