কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মীরহাটি এলাকায় বাসের ধাক্কায় ব্যাটারি চালিত অটোরিকশার দুই যাত্রী নিহত ও দুই যাত্রী আহত হয়েছে। বুধবার দুপুর পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ এবং ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠায়।
দুর্ঘটনা সম্পর্কে মীর হাটি এলাকার বাসিন্দা ওসমান মিয়া এবং সাদাত মিয়া জানান, দুপুর পৌনে ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়া থেকে হবিগঞ্জের মাধবপুরগামী দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী লোকাল বাসের সঙ্গে বিপরিত দিক থেকে আসা একটি ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাছ বিক্রেতা সাচ্চু মিয়া এবং সাহেদ মিয়া মারা যায়।
এসময় আরও দুই যাত্রী আহত হয়েছে। তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা, হয়েছে। আহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে তার নাম সোহাগ মিয়া। আহত অপর ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার স্টেশনের উপ-পরিচালক সাফরুল আহসান ভূঁইয়া জানান, হতাহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া শহর ট্রাফিক পুলিশ স্টেশনের সহকারী উপ-পরিদর্শক মো. শরিফুল ইসলাম জানান, পুলিশ বাসটি আটক করেছে। তবে চালক, হেলপার পালিয়েছে। দুর্ঘটনা কবলিত অটোরিকশাটিকে উদ্ধার করে বিশ্বরোড হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। দুর্ঘটনার কারণে মহাসড়কে দুইপাশে কয়েক কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়েছে।








