ভোটের রাতে নোয়াখালীর সুবর্ণচরের একটি গ্রামে স্বামী-সন্তানদের বেঁধে রেখে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার ‘মূল ইন্ধনদাতা’ রুহুল আমিন মেম্বরের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
ঘটনার শিকার নারীর আইনজীবী রবিউল হাসান পলাশ জানান, আজ রুহুল আমিনের জামিনের জন্য জেলা ও দায়রা জজ আদালতে আবেদন করা হয়। বিকালে উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত ৩১ ডিসেম্বর চরজব্বর থানায় নির্যাতিতার স্বামী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে অভিযোগ দায়ের করেন। বর্তমানে ওই মামলা পুলিশ সুপারের নির্দেশে জেলা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করে।
মামলার এজাহারে উল্লেখ, ৩০ ডিসেম্বর রাতে রুহুল আমিনের নির্দেশে সোহেল, স্বপন, চৌধুরী, বেচু, হানিফ, মোশাররফ, বাসু, ছালাউদ্দিন, মুরাদ হোসেন, হেঞ্জু মাঝি, বুলু, জসিম উদ্দিন চার সন্তানের জননীকে ধর্ষণ করে এবং পিটিয়ে মারাত্মক আহত করে।
এ মামলায় এপর্যন্ত ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ৮ জন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেটের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।







