ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় অ্যামোনিয়া প্লান্টের সিনগ্যাস কমপ্রেসারে আগুন লেগে বিভিন্ন যন্ত্রাংশ পুড়েছে। বুধবার (৩০ জানুয়ারি) বিকাল ৪টার দিকে কারখানার অ্যামোনিয়া প্লান্টের সিনগ্যাস কমপ্রেসারের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।
তবে এ ঘটনার কারণ বা এর ক্ষয়ক্ষতি সম্পর্কে নিশ্চিত কোনও তথ্য জানাতে পারেনি কর্তৃপক্ষ।
কারখানা সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে অ্যামেনিয়া প্লান্টের সিনগ্যাস কমপ্রেসারে ত্রুটি দেখা দেয়। এটি মেরামত করার জন্য কারখানায় ইউরিয়া উৎপাদন বন্ধ ছিল। বুধবার বিকাল ৪টার দিকে কারখানার দ্বিতীয় তলায় অ্যামোনিয়া প্লান্টের সিনগ্যাস কমপ্রেসারে আগুন লেগে যায়। মুহূর্তেই তা কমপ্রেসারের চারদিকের বিভিন্ন যন্ত্রংশে ছড়িয়ে পড়ে। এসময় কারখানার শ্রমিক-কর্মচারী ও কারখানার ফায়ার সার্ভিসের একটি টিম তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে খবর পেয়ে আশুগঞ্জ ফায়ার সার্ভিসের দু’টি টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
আশুগঞ্জ ফায়ার সার্ভিসের সাব-স্টেশন অফিসার মো. আওসাদ মিয়া বলেন, ‘আগুনের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে তা নিয়ন্ত্রণে আনি। বর্তমানে কারখানার আগুন নিয়ন্ত্রণে রয়েছে।’ অ্যামোনিয়া প্লান্টের সিনগ্যাস কমপ্রেসারে অতিরিক্ত তাপমাত্রা ও তেলের রিজার্ভার লিকেজ হয়ে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলেও জানান তিনি।
আশুগঞ্জ সারকারখানার ব্যবস্থাপনা পরিচালক মো. শফিকুল ইসলাম আকন্দ বলেন, ‘কারখানার আগুন নিয়ন্ত্রণে রয়েছে। তেমন বেশি ক্ষয়ক্ষতি হয়নি। নাশকতা কিনা, খতিয়ে দেখা হবে।’







