জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান রিয়াজুল হক বলেছেন,‘কক্সবাজারের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবাইকে একযোগ কাজ করতে হবে। সব পেশার মানুষ এবং প্রশাসন সজাগ থাকলে দীর্ঘদিন সম্প্রীতির বন্ধন কেউ ভাঙতে পারবে না।’
সোমবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সাম্প্রদায়িক সম্প্রীতি উন্নয়নে সংশ্লিষ্টদের করণীয় বিষয়ক সভা প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, ‘মিথ্যা তথ্যের ওপর রামু বৌদ্ধ বিহারে হামলার মতো ঘটনা জাতি আর দেখতে চাই না। এজন্য ধর্মীয় গুরুদের ভূমিকা রাখতে হবে। মনে রাখতে হবে রোহিঙ্গা সমস্যাটি দীর্ঘদিন থাকবে। এই রোহিঙ্গা যেন সম্প্রীতির বন্ধনে কোনও ফাটল তৈরি না করে।’
কক্সবাজার জেলা প্রশাসক কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কক্সবাজার ত্রাণ,পুনর্বাসন ও শরণার্থী কমিশনার আবুল কালামসহ প্রশাসনিক কর্মকর্তা,বিভিন্ন পেশাজীবী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।







