বান্দরবানের লামায় ইজিবাইকের (টমটম) চাপায় মো. আরাফাত (৮) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ডান হাতির ছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু ডানহাতির ছড়া এলাকার মো. মিনুর ছেলে এবং গুলিস্থান বাজার এলাকার আশ্রাফিয়া ইসলামিয়া মাদ্রাসার ছাত্র।
প্রত্যেক্ষদর্শীরা জানান, শিশুটি মাদ্রাসা থেকে দুপুরে ভাত খাওয়ার জন্য বাড়ি যাচ্ছিল। এ সময় ডান হাতির ছড়া এলাকার উঠনি নামক স্থানে পেছন থেকে একটি টমটম তাকে চাপা দেয়। খবর পেয়ে বাড়ির লোকজন তাকে পাশের মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে সেখানে শিশুটি মারা যায়।
ইজিবাইকের চালক মো. শোয়াইব পালিয়েছে। তার বাড়ি চকরিয়া উপজেলার মালুমঘাট এলাকার সাতঘর গ্রামে বলে জানা গেছে।
লামা ফাঁসিয়াখালী ইউনিয়নের চেয়ারম্যান (ইউপি) চেয়ারম্যান মো. জাকের হোসেন মজুমদার বলেন, ‘স্থানীয়ভাবে টমটম নামের এই ইজিবাইকগুলো বেপরোয়াভাবে চালানো হয়। ছোট ছোট এ ধরনের যানবাহনের কারণে সড়কে প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনা ।
লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’








