চাঁদপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় সেখানে চলছে অচলাবস্থা। ৭০ হাজার টাকা বকেয়া বিল থাকায় সংযোগ বিচ্ছিন্ন করে দেয় বিদুৎ বিভাগ। এরপর থেকে গত দুই সপ্তাহ ধরে দাফতরিক কার্যক্রম প্রায় বন্ধ। আর এর খেসারত দিতে হচ্ছে প্রায় ১৫শ' শিক্ষক-কর্মচারীদের।
জানা গেছে, এই অফিসের প্রায় ৭০ হাজার টাকার বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। তবে এ কারণে কোনও সতর্কবার্তা কিংবা কোনও চিঠি না দিয়েই এ দফতরের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেয় চাঁদপুর বিদ্যুৎ বিভাগ। গত ২০ মার্চ চাঁদপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়। এর ফলে এ উপজেলাধীন প্রায় দেড় হাজার শিক্ষক-কর্মচারীর গত মার্চ মাসের বেতন ভাতা উত্তোলন বন্ধ রয়েছে। শুধু তাই নয়, দাফতরিক নানা গুরুত্বপূর্ণ কাজেও ব্যাঘাত ঘটছে।
জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোস্তফা বাবুল ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বিদ্যুৎ না থাকায় আমাদের ১৫০০ শিক্ষকের বেতন ও বাচ্চাদের উপবৃত্তি দেওয়া সম্ভব হচ্ছে না। বিদ্যুৎ সংযোগ ফিরে পেতে এ পর্যন্ত তিনবার দরখাস্ত দেওয়া হয়েছে কিন্তু তারপরও বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী এ বিষয়ে কোনও কর্ণপাত করছেন না।’
চাঁদপুর সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা নাজমা বেগম বলেন, ‘ বিদ্যুৎ না থাকায় আদালত এবং অন্য সরকারি দফতর থেকে তদন্ত রিপোর্টসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় ঝুলে আছে। এছাড়া বিভিন্ন বদলি, বৃত্তির ফলাফল, উপবৃত্তি প্রদান, ই-মেইল চেক করাসহ সবকিছু বন্ধ হয়ে আছে। বিষয়টি নিয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে কথা বলা ও চিঠি দেওয়া হয়েছে অথচ স্থানীয় বিদ্যুৎ বিভাগ কোনও ব্যবস্থা নেয়নি।’
চাঁদপুরের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. সাহাব উদ্দিন বলেন, ‘আমি বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা বলেছিলাম। আমি তাকে বলেছি, নোটিশ ছাড়া এভাবে একটি সরকারি অফিসের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা কতটুকু যৌক্তিক? তিনি জবাবে বলেন, আগে টাকা দেন, পরে বিদ্যুৎ সংযোগ। তিনি এর আগে আমাদের স্কুলেরও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছেন ‘
এ ব্যাপারে চাঁদপুর বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী ইকবাল হোসেন বলেন, ‘ বকেয়া বিল পরিশোধে তাদের একাধিকবার জানানো হয়েছে। কিন্তু বিদ্যুৎ বিল পরিশোধে তারা কোনও আগ্রহ প্রকাশ করেনি। বিদ্যুৎ বকেয়ার জন্যে সরকারি দফতরের ক্ষেত্রে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা যাবে না এ রকম কোনও অপসন নেই।’ এটা বিদ্যুৎ বিভাগের নিজস্ব ব্যাপার বলে তিনি দাবি করেন।








