চট্টগ্রামে কর্ণফুলী নদীতে নৌকা থেকে লাফ দিয়ে নিখোঁজ চারজনের মধ্যে আরও একজনের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (১০ এপ্রিল) রাতে নৌবাহিনীর বঙ্গবন্ধু ডক এলাকা থেকে হাবিবুর রহমান নামে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপ-পরিচালক জসিম উদ্দিন এ তথ্য জানিয়েছেন। এ নিয়ে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে বলেও তিনি জানান।
এর আগে রবিবার (৭ এপ্রিল) রাতে সল্টগোলা ঘাটে যাওয়ার পথে ইঞ্জিন বিকল হলে নৌকা থেকে লাফ দিয়ে এই চারজন নিখোঁজ হন। এরপর মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন কর্ণফুলী নদীর নেভাল বার্থ-১ এলাকা থেকে দুইজনের লাশ উদ্ধার করা হয়।
জসিম উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, রাতে নৌবাহিনীর বঙ্গবন্ধু ডক এলাকায় লাশটি ভেসে উঠলে স্থানীয়রা থানায় খবর দেয়। ইপিজেড থানা পুলিশের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে তার লাশ উদ্ধার করে।






