কক্সবাজারের টেকনাফে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিয়াবুল হক (২৫) নামে এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ মে) সকাল সাড়ে ৮টার দিকে বাহারছড়া রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরির্দশক আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত জিয়াবুল হক উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মো. হামিদের ছেলে।
পুলিশ কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, বাহারছড়া শামলাপুর রোহিঙ্গা ক্যাম্পের আট নম্বর ব্লকের একটি মার্কেটের ছাদে কাজ করছিল জিয়াবুল। এ সময় ছাদের ওপরে থাকা বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।







