তিউনিসিয়ায় সাগর থেকে উদ্ধার হওয়া ১৭ জন বাংলাদেশির মধ্যে চার জনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায়।
তারা হলো- ধরখার ইউনিয়নের ছতুরা শরীফ এলাকার খেবজু মিয়ার ছেলে সাহাজুল খন্দকার (২৩), একই এলাকার ইউনুছ জমাদারের ছেলে ইদ্রিস জমাদার (২৪), হীরাপুর বড় কুড়িপাইকার আহাদ শিকদারের ছেলে নেয়ামত শিকদার (১৮) ও জব্বার ওরফে নান্নুর ছেলে আবু বক্কর ছিদ্দিক (২৩)।
আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) আরিফুল আমিন জানান, ইমিগ্রেশন পুলিশ তাদের নাম-ঠিকানা নিশ্চিত করেছে। ভুক্তভোগীরা অভিযোগ দিলে আমরা আইনগত ব্যবস্থা নেবো।
উল্লেখ্য, তিন সপ্তাহ তিউনিসিয়া উপকূলে ভূমধ্যসাগরে ভেসে থাকা অবৈধ পথে অভিবাসনপ্রত্যাশী ৬৪ বাংলাদেশির মধ্যে ১৭ জন দেশে ফিরেছেন। শুক্রবার (২১ জুন) বিকালে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিউনিসিয়া থেকে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।







