নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ফয়েজ আহম্মদ (২৮) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহত ফয়েজ আহম্মদ উপজেলার জিরতলী ইউনিয়নের বারাইচতল গ্রামের জামাল পাটোয়ারীর ছেলে। তিনি আনন্দ পরিবহন বাস সার্ভিসের হেলপার ছিলেন।
নিহতের বাবা জামাল পাটোয়ারীর অভিযোগ, ‘বৃহস্পতিবার সন্ধ্যায় ফয়েজ আহম্মদ প্রতিবেশী মো. মঞ্জুর বাড়িতে যান। সেখানে মঞ্জু, তার স্ত্রী সুরমা আক্তার ও তার পরিবারের অন্য লোকজন ফয়েজকে পিটিয়ে জখম করে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করলে রাতে চিকিৎসাধীন অবস্থায় ফয়েজের মৃত্যু হয়।’
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন উর রশিদ বলেন, ‘হত্যার কারণ এখনই বলা যাচ্ছে না। নিহতের পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মঞ্জুর স্ত্রী সুরমা আক্তারের (৩০) সঙ্গে সম্পর্কের জের ধরে এ ঘটনা ঘটতে পারে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’








