চাঁদপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। তার নাম রফিক কবিরাজ (১৮)। শুক্রবার (৯ আগস্ট) ঢাকায় নেওয়ার পথে বিকাল ৪টায় তার মৃত্যু হয়।
রফিক হাইমচর উপজেলার ২নম্বর আলগী উত্তর ইউনিয়নের ভিঙ্গুলিয়া গ্রামের হাফেজ কবিরাজের একমাত্র ছেলে।
জেঠাতো ভাই ইউপি সদস্য মিন্টু মিয়া কবিরাজ জানান, বুধবার (৭ আগস্ট) রফিক কবিরাজের জ্বর দেখা দেয়। তাকে শহরের গ্রিন ডায়াগনস্টিক সেন্টারে রক্ত পরীক্ষা করা হলে ডেঙ্গু ধরা পড়ে। পরে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু, সেখানে তাকে ভালো চিকিৎসা দেওয়া হয়নি। রক্তের প্লাটিলেট কমে যাওয়ায় রফিকের মৃত্যু হয়। প্লাটিলেট কমে যাওয়ার বিষয়টি ডাক্তাররা আমাদের অবগত করেননি। হঠাৎ করেই বলে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে তাকে ঢাকায় নিতে হবে। ঢাকায় নেওয়ার পথেই মৃত্যু হয়। তার মরদেহ বাড়িতে আনা হয়েছে। বাবা সৌদী প্রবাসী হওয়ায় এখনও দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি।
চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আনোয়ারুল আজিম বলেন, ‘আমরা রোগীদের চিকিৎসায় অত্যন্ত আন্তরিক। ডাক্তাররাই বলতে পারবে, কখন একজন রোগীকে উন্নত চিকিৎসার জন্য রেফার করতে হয়, কখন করতে হয় না।’
উল্লেখ্য, এর আগে ডেঙ্গু আক্রান্ত হয়ে মতলব দক্ষিণ উপজেলার এক মহিলা মেম্বার ও মতলব উত্তর উপজেলার এক শিশু মারা যায়।








