বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা। চট্টগ্রাম নগরীর ষোলশহর রেলস্টেশনে মানববন্ধনের আয়োজন করে শিক্ষার্থীরা এ দাবি জানিয়েছেন। মঙ্গলবার (৮ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
শিক্ষার্থীরা বলেন, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদসহ আজপর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলোতে যেসব হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে, তার একটিরও বিচার হয়নি। এসব হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত করে সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। আবরারের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সব শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এসময় শিক্ষার্থীরা আবরার হত্যার বিচার না দেখে ছাত্র সমাজ ঘরে ফিরবে না বলেও হুঁশিয়ারি দেন।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাছির উদ্দিন, আমির হোসেন জুয়েল, নিজাম উদ্দিন, জাহেদুল ইসলাম, রাইসুল ইসলাম, কামরুল হাসান, ইমতিয়াজ ইমতুসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
বক্তারা আরও বলেন, ভিন্নমত প্রকাশ করায় বুয়েটে আবরারকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, এটি কোনোভাবে মেনে নেওয়া যায় না। অপরাধীরা যতই শক্তিশালী হোক, তাদের বিচারের আওতায় আনতে হবে।’








