চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে অজ্ঞাত ডাকাত নিহত হয়েছে। সোমবার দিবাগত ১টার দিকে উপজেলার আনন্দবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় পুলিশের এএসআইসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছে। ঘটনাস্থল থেকে একটি দেশীয় পুরাতন পাইপগান, চার রাউন্ড বন্দুকের কার্তুজ, একটি চাইনিজ কুড়াল, রামদা ও চাপাতি উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, ফরিদগঞ্জ উপজেলার আনন্দ বাজার সংলগ্ন জনৈক চেরাগ আলীর বাগানে ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশকে লক্ষ্য করে ডাকাতরা গুলি ছোড়ে। এ সময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় এক ডাকাতকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রকিব বলেন, ‘ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে আমরা গত (২৮ অক্টোবর) রাত সাড়ে ১২টার পর ওই এলাকায় অভিযান চালাই। এ সময় ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও শর্টগানের ৭ রাউন্ড গুলি ছোড়ে।’
তিনি বলেন, ‘আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, ওই ডাকাত পুলিশের গুলিতে নয়, তাদের সঙ্গীদের গুলিতেই নিহত হয়েছে।’







