করোনা ভাইরাস সম্পর্কে ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে গুজব ছড়ানোর অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার (২০ মার্চ) রাতে কুমিল্লার আদর্শ সদর উপজেলার ভাটপাড়া এলাকায় অভিযান চালিয়ে বুলবুল নামে ওই যুবককে গ্রেফতার করা হয়।
বুলবুলের কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। মোবাইল ফোন দিয়ে ফেসবুকে মিথ্যা ও বিভ্রান্তিকর অপপ্রচার চালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করছে।
কুমিল্লার র্যাব-১১, সিপিসি-২ ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মহিতুল ইসলাম জানান, গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে, সে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের ইলেক্ট্রনিক্স ডিভাইস ব্যবহার করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিমূলক বিভিন্ন ছবি ও পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারসহ গুজব রটিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এছাড়া বর্তমান বৈশ্বিক আলোচিত বিষয় করোনা ভাইরাসের বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে বিভিন্ন মিথ্যা, বানোয়াট ও অপপ্রচারমূলক তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করাসহ দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করে আসছিল।
প্রসঙ্গত, এর আগে সে ২০১৮ সালে একই ধরনের অপরাধ করায় র্যাব-১০ গ্রেফতার করে। সম্প্রতি জামিনে এসে একই ধরনের অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে।








