কুমিল্লায় করোনাভাইরাস শনাক্তের মেশিন এসে পৌঁছেছে। আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যেই করা যাবে নমুনা পরীক্ষা। শুক্রবার (১৭ এপ্রিল) সকালে কুমিল্লা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোস্তফা কামাল আজাদ এটি গ্রহণ করেন।
শনিবার (১৮ এপ্রিল) থেকে কুমিল্লা মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে মেশিন স্থাপন ও ল্যাব প্রস্তুত করা হবে। এটি পরিচালনার জন্য কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও কুমিল্লা-৬ আসনের সংসদ সদ্যস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার এই কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন।
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পরিচালক ডা. মজিবুর রহমান জানান, করোনাভাইরাসের নমুনা সংগ্রহ করে এখানেই প্রতিদিন পরীক্ষা করা হবে। তবে ফলাফল এখানে দেওয়া হবে না। প্রতিদিনের ফলাফল ঢাকায় কেন্দ্রীয়ভাবে দেওয়া হবে।
তিনি আরও জানান, নমুনা পরীক্ষা শুরু হলে কুমিল্লা জেলার ৬৫ লাখ লোকসহ বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালী জেলা প্রায় দেড় কোটি লোক সুফল পাবে। এছাড়া সুফল পাবে প্রতিবেশী জেলা চাঁদপুর, ব্রাহ্মণবাড়ীয়া ও ফেনী।







