ভর দুপুরে শত শত মানুষের সামনে ধাওয়া দিয়ে এক পানচাষি যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১১ জানুয়ারি) দুপুরে কক্সবাজারের মহেশখালী উপজেলার বড়মহেশখালী ইউনিয়নের মুন্সিরডেইল এলাকায় নিজ বাড়ির কাছে এ ঘটনা ঘটে। প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত পানচাষি যুবকের নাম আব্দুল গফুর (৩০)।
স্থানীয়রা জানান, ভর দুপুরে ব্যস্ত এলাকার একটি দোকানে চা পান করছিলেন আব্দুল গফুর। পূর্ব শত্রুতার জের ধরে এসময় প্রতিপক্ষরা দা ও ছুরি নিয়ে তার ওপর হামলা চালায়। আব্দুল গফুর তাদের দেখে পালিয়ে আত্মরক্ষার চেষ্টা করলে প্রতিপক্ষরা পিছু ধাওয়া করে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে বিকাল তিনটার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আব্দুল গফুর বড় মহেশখালী ইউনিয়নের মুন্সিরডেইল এলাকার ফিরোজ মিয়ার ছেলে।
নিহতের পিতা ফিরোজ মিয়া জানান, একই এলাকার অছিউর রহমানের ছেলে ইউসুফ জালালসহ কয়েকজন প্রকাশ্যে দা ছুরি নিয়ে হামলা চালিয়ে তার ছেলেকে হত্যা করেছে। হামলাকারীদের সঙ্গে জমিজমা সংক্রান্ত বিরোধ ছিল। তবে গত শুক্রবার হাটের দিন পান পরিবহনের টাকা নিয়ে ইউছুপ জালালের এক ভগ্নিপতির সঙ্গে গফুরের সামান্য হাতাহাতি হয়। সেই ঘটনার শোধ নিতে তাকে ধাওয়া করে উপর্যুপরি কুপিয়ে আহত করা হয়। তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি ছেলে হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবি করেছেন।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আশিক ইকবাল বলেন, বড় মহেশখালী ইউনিয়নে আবদুল গফুর নামের এক ব্যক্তিকে কুপিয়ে আহত করেছে। তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঘটনাস্থল পরিদর্শন করেছি। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।








