নির্বাচনে প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা থাকবে; তবে এই প্রতিযোগিতা যেন সংঘাতে পরিণত না হয়, সে জন্য প্রার্থীদের সহনশীল আচরণ করার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। রবিবার (২৪ জানুয়ারি) দুপুর দেড়টায় চট্টগ্রাম সার্কিট হাউসে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান।
সিইসি বলেন, ‘নির্বাচনের প্রার্থী-সমর্থকরা খুব সতর্কতার সঙ্গে নির্বাচনি কার্যাবলী পরিচালনা করবেন। আমরা এতটুকু আশা করি, প্রতিদ্বন্দ্বিতা ও প্রতিযোগিতার মধ্যেই নির্বাচন হবে। সহিংসতার মধ্য দিয়ে নির্বাচন শেষ হবে না। নির্বাচনের প্রার্থী ও সমর্থকদের বলবো, নির্বাচনের পরও আপনারা এই সমাজে বসবাস করবেন, কাউকে যেন আসামি বা বাদী হিসেবে বাস করতে না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।’
প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘নির্বাচনে ইতোমধ্যে সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। কোনও মৃত্যুই কাম্য নয়। ভোট থেকে জীবন অনেক মূল্যবান। তাই এ ধরনের কোনও অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেদিকে নজর রাখতে হবে। যারা এই নির্বাচনে প্রতিযোগিতা করছেন তাদের সহনশীল হতে হবে।’ নির্বাচনের আমেজ যেন শেষ পর্যন্ত বজায় থাকে সেজন্য নির্বাচনি কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি নির্দেশনা প্রদান করেন তিনি।
নির্বাচন কর্মকর্তাদের উদ্দেশে নূরুল হুদা বলেন, ‘আপনাদের কাছে একজন প্রার্থীর পরিচয় তিনি প্রার্থীই। তিনি কোন দলের, মতের, গোত্রের সেটা কোনও বিষয় নয়। প্রত্যেকের নির্বাচনি প্রচারণায় আইনি সহায়তা দেওয়ার দায়িত্ব আপনাদের। ভোটকেন্দ্রে পোলিং এজেন্টদের যদি কোনও অভিযোগ থাকে, আপনারা তা সময় ও মনোযোগ দিয়ে শুনবেন। কোনও প্রার্থীর দল, মত, ধর্ম বিবেচনা করার সুযোগ নেই। সবাইকে সমানভাবে মূল্যায়ন করতে হবে।’








