কুমিল্লায় নাজমা বেগম (৪৫) নামে এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এছাড়া কুপিয়ে আহত করা হয়েছে তার স্বামী আবদুস সালাম, ভাসুর সিরাজুল ইসলামসহ তিন জনকে। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে মেঘনা উপজেলার ভাওরখোলা ইউনিয়নের ভাওরখোলা গ্রামের আবদুস সালামের বাড়িতে ঘটনাটি ঘটে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মজিদ।
জানা গেছে, হামলাকারীরা ওই বাড়িতে ব্যাপক ভাঙচুর চালিয়েছে। হামলায় নিহত নারীর স্বামীর অবস্থাও আশঙ্কাজনক। আহতরা মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, স্থানীয় ভাওরখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আব্বাসীর সঙ্গে দীর্ঘদিন ধরে একই গ্রামের আবদুস সালামের পরিবারের দীর্ঘদিন যাবৎ বিরোধ চলছিল। এর জের ধরে শুক্রবার রাত ৭টার দিকে চেয়ারম্যানের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সালামের বাড়িতে হামলা চালায়। হামলায় আবদুস সালাম, তার স্ত্রী নাজমা বেগম, ভাই সিরাজুল ইসলাম এবং একই বাড়ির ফারুক নামে এক ব্যক্তিসহ চার জনকে কুপিয়ে জখম করা হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর নাজমা বেগমকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। মৃত্যুর খবরে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুনরায় সংঘর্ষের আশঙ্কায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।









