ফেনীর সোনাগাজী মডেল থানার ওসিকে পরিবর্তনের প্রতিবাদে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে স্থানীয় ছাত্রলীগ-যুবলীগ। শুক্রবার দুপুরে উপজেলা সদর ও মতিগঞ্জ এলাকায় তারা এই বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করে।
সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি রহুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোনাগাজী উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করতে কয়েক মাস আগে যোগদান করেন ওসি হারুনুর রশিদ। কিন্তু এখন তাকে সরিয়ে জামায়াত-বিএনপি সমর্থিত হুমায়ুন কবির নামে এক ওসিকে হঠাৎ দায়িত্ব দেওয়ার দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে এই প্রতিবাদ কর্মসূচি পালন করে।
তিনি আরও জানান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর আশ্বাসের পরিপ্রেক্ষিতে অবরোধকারীরা অবরোধ তুলে নেয়। তবে জামায়াত-বিএনপি সমর্থিত ওসি হুমায়ুনকে সরিয়ে না নেওয়া হলে আন্দেলন থামানো যাবে না ।
জেলা পুলিশের একাধিক কর্মকর্তার সঙ্গে মোবাইল ফোনে এই বিষয় জানতে চাওয়া হলে তারা এ নিয়ে কোনও কথা বলতে রাজি হননি।
উল্লেখ্য, স্থানীয় সংসদ সদস্য হাজী রহিমউল্যার বিরুদ্ধে জামায়াত-বিএনপির পৃষ্টপোষকতার অভিযোগকে ঘিরে স্থানীয় আওয়ামী লীগের সঙ্গে বিরোধের জেরে এই নিয়ে কয়েক দফা ওসি রদবদলের ঘটনা ঘটে।
/এসএম/এফএ/








