কক্সবাজার শহরের রুমালিয়ারছড়া সিকদার বাজার এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলিতে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।
সোমবার (৩১ মে) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কক্সবাজার শহরের টেকপাড়া এলাকার মুজিবুল ইসলামের ছেলে মোহাম্মদ সাহেদ (২৮) ও বাঁচা মিয়া ঘোনা এলাকার নুরুল আলমের ছেলে রায়হানুল ইসলাম (২৫)।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, কক্সবাজার শহরের রুমালিয়ারছড়া সিকদার বাজার পাহাড়ি এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় রায়হান গ্রুপ এবং আশু আলী গ্রুপের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলছে। সোমবার সন্ধ্যায় রায়হান গ্রুপের ১৫/২০ জন সন্ত্রাসী সিকদার বাজারে এলে আশু আলী গ্রুপের সন্ত্রাসীদের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও পরে ব্যাপক গোলাগুলি শুরু হয়। এতে দুই জন নিহত হয়। খবর পেয়ে কক্সবাজার সদর থানার একদল পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন জানিয়েছেন, সংঘর্ষ ও গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ সময় গুলিবিদ্ধ দুই জনের মৃতদেহ উদ্ধার করা হয়। সংঘর্ষে নিহতদের একজন রায়হান গ্রুপের প্রধান রায়হান, অপর জনের নাম সাহেদ বলে জানা গেছে। এছাড়া গোলাগুলির ঘটনায় আরও ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে গুলিবিদ্ধ হাসানের অবস্থা আশঙ্কাজনক। নিহত দুই জনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সন্ত্রাসীদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।









