কুমিল্লায় ডিজিটাল সেন্টার ও ফটোকপি দোকানে অভিযান চালিয়ে ১০৩টি পাসপোর্ট, পাসপোর্ট সংক্রান্ত নথিপত্র এবং নগর অর্থ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১ জুন) দুপুরে কুমিল্লার আদর্শ সদর উপজেলার নোয়াপাড়া ও শাসনগাছা এলাকায় অভিযান চালিয়ে পাসপোর্ট ও দালাল চক্রের সাত সদস্যকে গ্রেফতার করে র্যাব।
এ সময় তাদের হেফাজতে থাকা ১০৩টি পাসপোর্ট, পাসপোর্ট সংক্রান্ত নথিপত্র, ব্যক্তিগত ডেলিভারি স্লিপ, নকল সিলমোহর এবং তিন লাখ ৭৭ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন ব্রাহ্মণপাড়া উপজেলার দক্ষিণ তেতাভূমি গ্রামের কানু মিয়ার ছেলে জসিম উদ্দিন (২৫), সদর উপজেলার নোয়াপাড়া গ্রামের জিন্নাহর ছেলে নিয়াজ মোর্শেদ পল্লব (২৩), নগরীর মনোহরপুর (রাজেশ্বরী কালিবাড়ি) এলাকার সতীশ চন্দ্রের ছেলে রতন চন্দ্র (৩৮), সদর উপজেলার শাসনগাছা (ওয়াপদা রোড) গ্রামের আবুল কাশেমের ছেলে মো. গোলাম সারোয়ার (৩৬), তিতাস উপজেলার বাতাকান্দি গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে শাহাবুদ্দিন (৫০), দেবিদ্বার উপজেলার বইশেরকোট গ্রামের নুরুল ইসলামের ছেলে মনিরুল ইসলাম (৩০) ও সদর উপজেলার অলিপুর উত্তর পাড়া গ্রামের মৃত কাজী আব্দুল খালেকের ছেলে কাজী আবু আল ফেরদৌস (৫৫)।
কুমিল্লা র্যাব-১১ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর তালুকদার নাজমুছ সাকিব মঙ্গলবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গ্রেফতার ব্যক্তিরা পাসপোর্ট দালাল চক্রের সদস্য বলে স্বীকার করেছেন। দীর্ঘদিন পাসপোর্ট তৈরি করে দেওয়ার নাম করে লোকজনের কাছ থেকে সরকার নির্ধারিত রেটের অধিক পরিমাণ টাকা হাতিয়ে নিয়ে আসছিলেন। তাদের কাছে টাকা জমা দিলে নকল সিলমোহর ব্যবহার করে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে সব কার্যক্রম সম্পন্ন করে পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট সংগ্রহ করে সরবরাহ করতেন। তাদের বিরুদ্ধে কুমিল্লার কোতোয়ালি থানায় মামলা প্রক্রিয়াধীন।









