ফেনীতে সিঁধ কেটে ঘরে ঢুকে গরু ব্যবসায়ীর হাত-পা বেঁধে প্রায় ১৫ লাখ টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় শুক্রবার (২৩ জুলাই) ফেনী মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী গরু ব্যবসায়ী শাহজাহান মিয়া।
এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের দক্ষিণ কাটা মোবারক ঘোনা এলাকার খালেক মাঝির বাড়িতে এ ঘটনা ঘটে।
শাহজাহান মিয়া থানায় অভিযোগ করেন, গভীর রাতে সিঁধ কেটে ঘরে ঢুকে দুর্বৃত্তরা। অস্ত্র ঠেকিয়ে তার হাত-মুখ ও চোখ বেঁধে ফেলে বুকের ওপর বসেছিল তিন দুর্বৃত্ত; যেন চিৎকার করতে না পারেন। পরে গরু বিক্রির সাড়ে ১৪ লাখ টাকা নিয়ে চলে যায় দুর্বৃত্তরা।
ফরহাদনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোশাররফ হোসেন টিপু বলেন, ঘটনার পর গরু ব্যবসায়ী শাহজাহান বিষয়টি আমাকে জানিয়েছেন। তবে দুর্বৃত্তদের চিনতে পারেননি তিনি। এজন্য থানায় অভিযোগ দিতে বলেছি।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। টাকা লুটের ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।









