কক্সবাজারের টেকনাফে পেটে ইয়াবা নিয়ে পাচারকালে মো. মোস্তফা (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ আগস্ট) রাতে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। হোয়াইক্যংয়ের বাসিন্দা আবুল হাসেমের ছেলে মোস্তফা।
জানা গেছে, বুধবার (১১ আগস্ট) রাতে ১৯ প্যাকেট ইয়াবা পাচারের জন্য গিলে পাকস্থলীতে নেন তিনি। কিন্তু চট্টগ্রামে যাওয়ার আগেই অসুস্থ হয়ে পড়েন। অবস্থা গুরুতর হলে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তিনি মারা গেছেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ইয়াবা পাচার করে আসছিলেন মোস্তফা। বুধবার ইয়াবা পাকস্থলীতে নিলে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তার মা তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক পাকস্থলী থেকে ১২টি ইয়াবার প্যাকেট (প্রতি প্যাকেটে ৪০ পিস) বের করেন। বাকি ৭টি প্যাকেট বের না করতে পারায় সেগুলো পেটের ভেতর ফেটে য়ায়। পরে তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠান চিকিৎসক। প্রাথমিক চিকিৎসা দেওয়ার সময় তিনি মৃত্যুবরণ করেন।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) শাহীন মোহাম্মদ আবদুর রহমান বলেন, তার লাশ ময়নাতদন্তের সময় পেটের ভেতর ইয়াবার পাঁচটি প্যাকেট পাওয়া গেছে। ময়নাতদন্ত শেষে লাশ পুলিশকে বুঝিয়ে দেওয়া হয়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আবদুল আলীম বলেন, এ ব্যাপারে কেউ কিছু অবগত করেননি। খোঁজ নিয়ে দেখা হচ্ছে।









