শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী বলেন, ব্রাহ্মণবাড়িয়ার দি আলাউদ্দিন সংগীতঙ্গনে মাদ্রাসা ছাত্রদের হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা আমাদের জাতীয় সংস্কৃতির উপর বড় ধরনের আঘাত বলে বিবেচিত হবে। মূল ঘটনার সঙ্গে ওস্তাদ আলাউদ্দিন খাঁ কোনওভাবেই সম্পৃক্ত নন।
রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ায় ওই সংগীতাঙ্গন পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন,ওস্তাদ আলাউদ্দিন খাঁ আজীবন কষ্ট করে সংগীত সাধনা করেছেন। সাধনার জন্য কলকাতা গিয়ে ওস্তাদ তাঁকে হাওড়া ব্রিজের নিচেও রাত কাটাতে হয়েছে। তার আজীবনের কষ্টের সাধনা আমাদের গর্বের জায়গায় নিয়ে এসেছে। তিনি ভারতীয় শাস্ত্রীয় সংগীতের তৃতীয় ধারার মহানায়ক ছিলেন।
শিল্পকলা একাডেমির এই মহাপরিচালক জানান, নিশ্চিহ্ন হয়ে যাওয়া সংগীতাঙ্গনটি পূর্বাবস্থায় ফিরিয়ে আনতে শিগগিরই উদ্যোগ নেবে সরকার।
ঘটনাস্থল পরিদর্শনের সময় তার সঙ্গে সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মশিউর রহমান, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, দি আলাউদ্দিন সংগীতাঙ্গনের সম্পাদক আব্দুল মান্নান সরকার, ব্রাহ্মণবাড়িয়ার সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক আবদুন নূর প্রমুখ উপস্থিত ছিলেন।
/জেবি/এইচকে/








