সাম্প্রদায়িক বিশৃঙ্খলার পরিপ্রেক্ষিতে সম্প্রীতি রক্ষা ও সংখ্যালঘুদের সুরক্ষায় সরকার আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।
তিনি বলেন, সংখ্যালঘুদের বিষয়ে বিশেষ কমিশন গঠনের জন্য যে দাবি উঠেছে, সেটি আমার একার বিষয় নয়। এ নিয়ে সম্মিলিত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আমি কমিশন গঠন নিয়ে আলোচনা করবো।
শুক্রবার (২৯ অক্টোবর) দুপুরে আখাউড়ায় উপজেলা পরিষদ মিলনায়তনে ভারতের পক্ষ থেকে দেওয়া উপহারের অ্যাম্বুলেন্স গ্রহণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দূর্গা পূজায় যে সাম্প্রদায়িক হামলা হয়েছিল, সেটি পরিকল্পিত। এটি নির্দিষ্ট কোনও গোষ্ঠীর নয়। এই সাম্প্রদায়িক হামলার মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হয়েছিল, এ জন্য আমি অত্যন্ত দুঃখিত। বেশ কয়েকটি স্থানে এমন হামলা হয়েছে। তবে সেটি পুরো বাংলাদেশের চিত্র নয়।
পরে মন্ত্রী তার নিজবাড়ি ও নির্বাচনি এলাকা কসবার উদ্দেশে আখাউড়া ত্যাগ করেন।









