নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার চানন্দী ইউনিয়নের ধানসিঁড়ি আশ্রয়ণ কেন্দ্রে শেফালী বেগম (২৮) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত আবুল কালাম (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার (১০ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলার চানন্দী ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
নিহত শেফালী বেগম চানন্দী ইউনিয়নের ধানসিঁড়ি আশ্রয়ণ প্রকল্পের মো. ইউসুফের স্ত্রী। গ্রেফতার আবুল কালাম একই ইউনিয়নের ধানসিঁড়ি আশ্রয়ণ কেন্দ্রের মৃত নবাব হোসেনের ছেলে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল ৭টায় ধানসিঁড়ি আশ্রয়ণ কেন্দ্রের শেফালী বেগমের সঙ্গে একই আশ্রয়ণ কেন্দ্রের আবুল কালামের গাছ কাটা ও টয়লেট ব্যবহার নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ সময় আবুল কালাম উত্তেজিত হয়ে দা দিয়ে শেফালী বেগমের পেটে ও বাঁ-হাতে কুপিয়ে গুরুতর আহত করে। শেফালীকে গুরুতর আহত অবস্থায় জেলার একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠান। সেখানে মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে তিনি মারা যান।
তিনি আরও বলেন, ‘ঘটনার পর অভিযুক্ত হত্যাকারী আবুল কালাম গা ঢাকা দেয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। আসামির স্বীকারোক্তি মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত দা জব্দ করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বৃহস্পতিবার সকালে আসামিকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে।’









