কক্সবাজারের টেকনাফে বন্যহাতির আক্রমণের শিফা আকতার (১৮) নামের এক তরুণীর মৃত্যু হয়েছে। সে উপজেলার বাহারছড়া ইউনিয়নের চৌকিদার পাড়ার মৃত নুর মোহাম্মদের মেয়ে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) ভোরে উপজেলার বাহারছড়া চৌকিদার পাড়ার শিলছড়ি পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। রবিবার (১৪ নভেম্বর) তার বিয়ের দিন ধার্য ছিল।
বাহারছাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক নুর মোহাম্মদ বলেন, ‘বন্যহাতির আক্রমণে এক তরুণীর মৃত্যু হয়েছে। হাতির আক্রমণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে। পরে স্বজনরা হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।’
বাহারছড়ার বাসিন্দারা বলেন, ‘বৃহস্পতিবার ভোরে শিলছড়ি পাহাড়ি এলাকায় খাদ্যের সন্ধানে পাহাড় থেকে লোকালয়ে নেমে আসে একটি ক্ষুধার্ত বন্যহাতি। এ সময় পাহাড়ের পাদদেশে থাকা বাড়িঘর ভেঙে চুরমার করে হাতিটি নুর মোহাম্মদের বাড়িতে হানা দেয়। ঘুমন্ত অবস্থায় শিফা আকতারকে পদদলিত করার পর শুঁড় দিয়ে ছুড়ে মারে। এতে শিফাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।’
শিলখালী রেঞ্জের বন কর্মকর্তা মোহাম্মদ হাসান বলেন, ‘সাধারণত খাদ্যের সন্ধানে নিয়মিত হাতির পাল লোকালয়ে নেমে আসে। মানুষ উত্তেজিত না করলে চুপিসারে চলে যায়। কিন্তু এ ঘটনাটি অপ্রত্যাশিত এবং বেদনাদায়ক।’
প্রতিবেশীরা জানান, শিফা বাহারছড়ার মদিনাতুল মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন। পাঁচ বছর আগে তার পিতা মারা যান। মা মনোয়ারা বেগম দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন। আত্মীয় স্বজনদের সহায়তায় পাশের গ্রামের এক যুবকের সঙ্গে তার বিয়ে ঠিক হয়। সবকিছু ঠিক থাকলে রবিবার সকালে তার বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল।









