ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় রাসেল মিয়া (৩৫) নামে এক নৈশপ্রহরীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলার তালশহর ইউনিয়নের একটি মাঠ থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
রাসেল উপজেলার সোহাগপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে। তালশহরে অবস্থিত এসএমজি ইটভাটার নৈশপ্রহরী তিনি।
পুলিশ ও স্বজনরা জানায়, সোমবার (২২ নভেম্বর) দুপুরে স্ত্রীর সঙ্গে শেষ কথা হয় রাসেলের। এরপর থেকেই তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার সকালে স্থানীয়রা জমিতে কাজ করতে গেলে রাসেলের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজাদ রহমান জানান, গলায় ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটা পরিকল্পিত হত্যা বলে ধারণা করা হচ্ছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।









