মন্ত্রিসভা থেকে পদত্যাগের আগে সোমবার (৬ ডিসেম্বর) দুপুরে ঢাকা থেকে চট্টগ্রাম গিয়েছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। চট্টগ্রামে পৌঁছে তিনি উঠেছিলেন পাঁচতারকা হোটেল রেডিসনে। মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন রেডিসন ব্লু চট্টগ্রাম বে-ভিউর সহকারী ব্যবস্থাপক ও জনসংযোগ কর্মকর্তা রাহফাত সালমান।
রাহফাত বলেন, ‘ডা. মুরাদ সোমবার দুপুরে রেডিসনে ওঠেন। বিষয়টি আমার জানা ছিল না। কারণ ভিআইপি পারসন তারা, নিজে রুম বুকিং দেন না। তাদের হয়ে অন্যরা রুম বুকিং দেন। ভিআইপিরা রিসিপশনে দাঁড়িয়ে চেক-ইন করেন না। তাই বিষয়টি জানা ছিল না।’
একটি সূত্রে জানা গেছে, ঢাকা থেকে একা এসে হোটেল রেডিসনের ডাবল বেডের বিলাসী কক্ষে ছিলেন তিনি।
এদিকে, আপত্তিকর ও শিষ্টাচারবহির্ভূত বক্তব্যের জেরে প্রধানমন্ত্রীর নির্দেশের পর ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। সোমবার সন্ধ্যায় সাংবাদিকদের কাছে প্রধানমন্ত্রীর নির্দেশের কথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, পদত্যাগের আগেই প্রতিমন্ত্রী মুরাদ হাসান ঢাকা থেকে চট্টগ্রাম যান। হোটেলে প্রায় ১৩ ঘণ্টা অবস্থানের পর দিবাগত রাত ৩টার দিকে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন। সড়কপথে তিনি ঢাকায় পৌঁছেছেন।
এ বিষয়ে জানতে সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত প্রতিমন্ত্রীর মোবাইল ফোনে একাধিকবার কল করলেও সেটি বন্ধ পাওয়া যায়।









