রাঙামাটিতে প্রতিবন্ধী শিশুকে (১১) ধর্ষণের দায়ে হারুন অর রশিদ (৮৫) নামে এক বৃদ্ধের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সেই সঙ্গে তিন লাখ টাকা জরিমানা করেছে আদালত।
বুধবার (১৫ ডিসেম্বর) দুপুরে রাঙামাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) এ ই এম ইসমাইল হোসেন এই রায় ঘোষণা করেন।
রায়ে বলা হয়েছে, আগামী ৬০ দিনের মধ্যে ভুক্তভোগীর পরিবারকে তিন লাখ টাকা দিতে হবে। অর্থ না দিলে ১৮০ দিনের মধ্যে আসামির স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোক ও নিলামে বিক্রয়ের মাধ্যমে ট্রাইব্যুনালে জমা দিতে রাঙামাটি জেলা প্রশাসকে নির্দেশনা দেওয়া হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, ২০২০ সালে নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নের হারুন অর রশিদ এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ করে। ভুক্তভোগী চিৎকার করলে আশপাশের লোকজন এসে তাকে ধরে পুলিশে সোপর্দ করে। এরপর ভুক্তভোগীকে নানিয়াচর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠাতে বলেন। ৪ অক্টোবর নানিয়ারচর থানায় মামলা করেন ভুক্তভোগীর মা।









