চট্টগ্রামের আকবরশাহ থানা এলাকায় সড়ক বিভাজকে ধাক্কা দিয়ে বাস উল্টে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। বুধবার (১৫ ডিসেম্বর) রাত ৮টার দিকে নগরীর আকবর শাহ থানার পাকা রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, চট্টগ্রাম শহর থেকে সীতাকুণ্ড উপজেলার দিকে যাওয়ার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বেপরোয়া গতির কারণে বাসটি সড়ক বিভাজকে ধাক্কা দেয়, সঙ্গে সঙ্গে উল্টে যায়। এতে ঘটনাস্থলে আবদুর রহিম নামে এক যাত্রী নিহত হন। তার আনুমানিক বয়স ৩০ বছর। নিহত অপর যাত্রীর নাম-পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।
এ ছাড়া সন্তু বড়ুয়া নামে একজন আহত হয়েছেন। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর চালক ও তার সহকারী পালালেও বাসটি জব্দ করা হয়েছে বলেও জানান ওসি জহিরুল ইসলাম।








