নোয়াখালী সদর উপজেলার চরমটুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর প্রচার মিছিলের পিকআপভ্যান থেকে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুই জন। তবে ওই প্রার্থীর দাবি, প্রচার মিছিল না, তারা ১৬ ডিসেম্বর উপলক্ষে বিজয় র্যালিতে অংশ নিয়েছিল।
বুধবার (১৫ ডিসেম্বর) রাত সাড়ে ৭টায় উপজেলার চরমটুয়া ইউনিয়নের মনারখিল গ্রামে এই ঘটনা ঘটে।
মৃতরা হলো—একই ইউনিয়নের রাউলদিয়া গ্রামের পাটোয়ারী বাড়ির মো. মোহনের ছেলে মেহেরাজ উদ্দিন (১২) এবং পশ্চিম ব্রক্ষ্মপুর গ্রামের মো. সবুজের ছেলে মো. সম্রাট (১১)। মেহেরাজ স্থানীয় ঠেকারহাট হাজী আহম্মদ উল্ল্যা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র। সম্রাট উদয় সাধুরহাট ইকরা প্রি-ক্যাডেট একাডেমির পঞ্চম শ্রেণির ছাত্র।
আহতরা হলো—দক্ষিণ জগৎপুর গ্রামের নূর ইসলামের ছেলে মো. রাসেল (২০) এবং মো. সেলিমের ছেলে মো. জয়নাল (২১)। তাদেরকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, বুধবার বিকাল থেকে পিকআপভ্যানে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী কামাল উদ্দিন বাবলুর নির্বাচনি প্রচারণায় অংশগ্রহণ করে মেহেরাজ ও সম্রাটসহ স্থানীয় ৮ থেকে ১০ জন স্কুলছাত্র। পিকআপভ্যানটি রাত সাড়ে ৭টায় মনারখিল গ্রামের পীর মোছলেহ উদ্দিন সাহেবের মাজারের সামনে আসে। এ সময় হঠাৎ চলন্ত পিকআপভ্যানের পিছনের ঢালা খুলে যায়। এতে পিকআপে থাকা ৩-৪ জন স্কুলছাত্রসহ কয়েকজন নিচে পড়ে যায়। এ সময় মেহেরাজ পিকআপের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়। আহতদের প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে মেঘনা সেতু পার হওয়ার সময় রাত ২টায় সম্রাট মারা যায়।
কামাল উদ্দিন বাবলু জানান, আমার নির্বাচনি প্রচারণায় নয়, বিজয় দিবস উপলক্ষে আয়োজিত র্যালিতে অংশ নেওয়া পিকআপভ্যানের চালক ব্রেক কষলে ঢালা খুলে এই দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বেলা ১১টায় মেহেরাজের দাফন সম্পন্ন হয়েছে। সম্রাটের দাফনের প্রস্তুতি চলছে।
সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন বলেন, এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।









