চট্টগ্রামের মিরসরাই উপজেলায় রাস্তার মাটি কাটা নিয়ে প্রতিপক্ষের কিল-ঘুষিতে আবুল কাশেম (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় শেখ আহমেদ ভূঁইয়া নামে একজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৮ ডিসেম্বর) সকালে উপজেলার হাইতকান্দি ইউনিয়নে এ ঘটনা ঘটে। আবুল কাশেম ইউনিয়নের করুয়া গ্রামের গুরা মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে হাইতকান্দি ইউনিয়নের আবুল কাশেম ও অবসরপ্রাপ্ত শিক্ষক শেখ আহমেদ ভূঁইয়ার মধ্যে সংঘর্ষ চলে আসছিল। কাঁচা রাস্তায় মাটি ফেলা অংশের পশ্চিম পাশে শেখ আহমেদের জমি। আর পূর্ব পাশের জমির মালিক আবুল কাশেম। সকালে মাটি ফেলা নিয়ে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আহত হন আবুল কাশেম। সকাল ৯টার দিকে অসুস্থ অবস্থায় বাড়িতে মারা যান।
আবুল কাশেমের ছেলে সুমন জানান, শুক্রবার (১৭ ডিসেম্বর) রাতে তাদের বাড়ির পাশের একটি রাস্তায় মাটি ফেলেন শেখ আহমেদ। এ সময় তাদের কিছু জায়গা ভরাট করে ফেলা হয়। বিষয়টি নিয়ে শনিবার সকালে তার বাবার সঙ্গে শেখ আহমেদের কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে শেখ আহমেদ ও তার ছেলে শাহ পরাগ কাশেমকে কিল-ঘুষি মারতে থাকেন। এতে তিনি অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান। এরপর তার মৃত্যু হয়।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। শেখ আহমেদকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।









