চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকায় মাহমুদা খানম আঁখি নামে এক গৃহবধূর মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। সোমবার (২০ ডিসেম্বর) চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুর রহমান জানান, এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী ও শাশুড়িসহ তিন জনকে আসামি করে রবিবার রাতে মামলা হয়েছে।
এ মামলার আসামিরা হলেন– আঁখির স্বামী আনিসুল ইসলাম (৩২), শাশুড়ি ফরিদা আক্তার (৫০) এবং স্বামীর বড় বোন হামিদা বেগম (৩৪)।
ওসি বলেন, গৃহবধূ আঁখি নিহতের ঘটনায় তার ভাই মিজানুর রহমান (২৪) বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। এই ঘটনায় এজাহারনামীয় ১নং আসামি আনিসুল ইসলামকে গ্রেফতার দেখানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
পরিবারের অভিযোগ, যৌতুকের জন্য আঁখিকে নির্যাতন করতেন আনিসুল। কয়েকদিন আগে অনেক মারধর করা হয়।
রবিবার রাত ৯টার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আঁখির মৃত্যু হয়। এরপর হাসপাতালের সামনে থেকে অভিযুক্ত স্বামীকে আটক করা হয়।
মৃত মাহমুদা খানম আঁখি চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। আনিসুল ইসলাম পেশায় আইনজীবী।
আরও খবর: নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ, স্বামীসহ আটক ২








