কুমিল্লার বরুড়ার ঝলম ইউনিয়নের ঢেউয়াতলিতে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১৫টি মোটরসাইকেল পোড়ানোসহ বাড়িঘরে হামলার অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঝলম ইউনিয়নে আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলামের সমর্থকরা প্রচারণায় আসে। এ সময় তারা ঢেউয়াতলি কেন্দ্রের সামনে তাদের মোটরসাইকেল রেখে গ্রামের ভেতরে প্রচারণার জন্য যায়। কয়েকজন যুবক এসে মোটরসাইকেল ভাঙচুর শুরু করে। পরে নুরুল ইসলামের সমর্থকরাও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় নুরুল ইসলামের সমর্থকদের বেশ কিছু মোটরসাইকেল পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা।
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘শুক্রবার বিকালে আমি ও আমার সমর্থকরা প্রচারণার জন্য ঢেউয়াতলি এলাকায় যাই। কেন্দ্রের পাশে আমার সমর্থকদের মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশা রেখে আমরা গ্রামের ভেতর প্রচারের জন্য যাই। কিছুক্ষণ পর আমরা শুনি, আমাদের রেখে আসা মোটরসাইকেল ও অটোতে নৌকার সমর্থকরা আগুন ধরিয়ে দিয়েছে। আমি মামলার প্রস্তুতি নিচ্ছি।’
নৌকার প্রার্থী খায়রুল আনাম ইয়াকুব বলেন, ‘আমি ছিলাম উপজেলাতে। আমাদের আজকে কোনও কর্মসূচি ছিল না। আমরা কোনও হামলা টামলা চালাইনি। চশমা প্রতীকের প্রার্থী আবদুল বাতেন আর স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলামের মধ্যে সংঘর্ষ হয়েছে। সেখানে আমাদের কোনও ভূমিকা ছিল না।’
বরুড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আজহারুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা খবর পেয়েছি, বরুড়ার ঝলমের ঢেউয়াতলিতে সংঘর্ষ হয়েছে। আমি সংশ্লিষ্ট প্রিসাইডিং কর্মকর্তাকে কল দিয়েছি। তিনি সেখানে আছেন।
ঝলম ইউনিয়নে ঢেউয়াতলি কেন্দ্রের নির্বাচন সংঘর্ষের কারণে স্থগিত করা হয়েছিল। ৩০ ডিসেম্বর ওই কেন্দ্রের ভোট গ্রহণের কথা রয়েছে।’
বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুল ইসলাম বলেন, ‘ঝলম ইউনিয়নের স্থগিত কেন্দ্রের নির্বাচনি প্রচারণায় তিন প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। ঘটনায় ১৫টির মতো মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।’
অতিরিক্ত পুলিশ সুপার (বরুড়া, সদর দক্ষিণ ও লালমাই সার্কেল) প্রশান্ত পাল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি নির্বাচনের কাজে ব্যস্ত। ওসিকে নির্দেশ দিয়েছি ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য।’
এ ইউনিয়নে তৃতীয় ধাপে গত ২৮ নভেম্বর ভোটগ্রহণ হয়েছিল। তবে ডেউয়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তা সারোয়ার ভূঁইয়া এবং পুলিশের এসআই আবু হানিফকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ওই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।









