সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। সেই এক গোল করেছেন খাগড়াছড়ি সদর উপজেলার সাত ভাইয়া পাড়া এলাকার আনাই মগিনী। তার গোলে জয় পেয়ে উচ্ছ্বসিত বাবা-মা ও এলাকাবাসী।
গত ২২ ডিসেম্বর কমলাপুর বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ-ভারত ম্যাচের একমাত্র জয়সূচক গোল করেন আনাই। তার গোল বাংলাদেশের বিজয় এনে দিয়েছে।
দেশের হয়ে একমাত্র গোলটি করার পর থেকে প্রশংসায় ভাসছেন এই ফুটবলার। তার বাড়িতে আনন্দ উল্লাস করছেন গ্রামের সাধারণ মানুষ।
সাত ভাই-বোনের মধ্যে ছোট দুই বোন আনাই মগিনী ও আনুচিং মগিনী বাংলাদেশ ফুটবল টিমে খেলেন। তিন ভাই ও দুই বোনের বিয়ে হয়ে গেছে।
আনাই মগিনীর বড় ভাই আম্রা মগ বলেন, তার বোন ভারতের বিপক্ষে খেলে একটি মাত্র গোল করে দেশকে জয় এনে দিয়েছে। এটা আমাদের কাছে অনেক আনন্দের।
বাবা রেপ্রু মগ ও মা আপ্রুমা মগিনী জানান, এই জয় পুরো দেশবাসীর। তারা মেয়েদের জন্য সবার কাছে দোয়া কামনা করেন।
স্থানীয়রা জানায়, বাংলাদেশের হয়ে খেলতে গিয়ে একমাত্র গোল করেছেন আনাই মগিনী। এটা আমাদের জন্য অনেক আনন্দের। তার খেলা দেখে আমরা মুগ্ধ। তারা দুই বোন আরও এগিয়ে যাক।
খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা অভিনন্দন জানিয়ে বলেন, আনাই মগিনী খাগড়াছড়িবাসীসহ পুরো দেশের মানুষকে গর্বিত করেছে।








