কুমিল্লায় চতুর্থ ধাপের ইউপি নির্বাচনের আগের দিন শনিবার ককটেল, দেশীয় অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জামসহ সাত জনকে গ্রেফতার করেছে র্যাব ১১ সিপিসি-২। শনিবার (২৫ ডিসেম্বর) সদর উপজেলার পাচথুবী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গোলাবাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন—জেলা সদর উপজেলার কাটাবিল এলাকার উজির মিয়ার ছেলে মো. হৃদয় (২২), দৌলতপুর এলাকার মোজ্জাফরের ছেলে মো. রিপন (২৮), চাঁনপুর এলাকার মৃত বাদল মিয়ার ছেলে মো. রবিউল ইসলাম (২৭), মুরাদপুর এলাকার হাসান মিয়ার ছেলে মো. জুয়েল (২৫), ঢুলিপাড়া এলাকার সিরাজ মিয়ার ছেলে মো. রুবেল (২৬), কাপ্তান বাজার এলাকার বাবুল মিয়ার ছেলে ফজলুর রাব্বি (২৪) ও বুড়িচং উপজেলার বুডবুড়িয়া গ্রামের আব্দুল জলিলের ছেলে মাহমুদ উল্লাহ (২৩)।
র্যাব ১১ সিপিসি ২ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, ২৬ ডিসেম্বরের চতুর্থ ধাপের ইউপি নির্বাচনকে ঘিরে উপজেলার পাচথুবী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গোলাবাড়ি এলাকায় একটি বাড়িতে অস্ত্র ও গোলাবারুদ মজুত করা হয় বলে আমরা জানতে পারি। পরে অভিযান চালিয়ে ২৯টি ককটেল, সাতটি রামদা, একটি চাইনিজ কুড়াল এবং বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জামসহ সাত জনকে আটক করা হয়।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সহিংসতা সৃষ্টির জন্যই ককটেল, দেশীয় অস্ত্র এবং বোমা তৈরির সরঞ্জামাদি মজুত করে এবং একত্রিত হয় বলে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মামলার প্রক্রিয়া চলছে।









