কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা আবদুর রহমানকে (৭০) গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকালে ইউনিয়নে কান্দুঘর গ্রামের রাজা বাড়িতে ঘটনাটি ঘটে। নিহত বীর মুক্তিযোদ্ধা রাজা বাড়ির মৃত ছায়েদ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে নিহতের ভাই করিম মিয়া ও তার ছেলেরা বাড়ির দক্ষিণ পাশের জমির আইল মেরামত করতে যান। এ সময় পূর্ব বিরোধের জেরে পাশের বাড়ির মো. কামাল হোসেন (৫০) তার ভাই বাবু (৩৫) হাতে বন্ধুক ও রড নিয়ে মুক্তিযোদ্ধা আবদুর রহমানকে মারধর করেন। এ সময় আবদুর রহমান মাটিতে লুটিয়ে পড়েন। পরে অভিযুক্ত কামাল হোসেন তার গলা চেপে ধরেন। এতে ঘটনাস্থলেই মারা যান।
এ ঘটনার পর অভিযুক্ত কামাল হোসেন ও তার স্বজনরা পলাতক রয়েছেন।
ব্রাহ্মণপাড়া থানার ওসি ওপ্পেলা রাজু নাহা বলেন, ‘ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হাতে বন্দুক ছিল কি-না আমরা এখনও নিশ্চিত করে পারছি না। ঘটনার তদন্ত করে বিস্তারিত বলা যাবে।’









