নোয়াখালী নার্সিং ও মিডওয়াইফারি কলেজের ৯১ শিক্ষার্থীর করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
আক্রান্তদের মধ্যে রয়েছে—ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারির দুটি ব্যাচের প্রথম বর্ষের ২৮ জন এবং দ্বিতীয় বর্ষের ৪০ ও তৃতীয় বর্ষের ২৩ জন।
জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার জানান, গত সোমবার থেকে নোয়াখালী নার্সিং ও মিডওয়াইফারি কলেজের মোট ৯১ শিক্ষার্থীর করোনা শনাক্ত হয়েছে। একজন শনাক্ত হওয়ার পরই সবার পরীক্ষা করা হয়। এরপর ৯০ শিক্ষার্থীর রিপোর্ট পজিটিভ আসে। আক্রান্তদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
কলেজের অধ্যক্ষ খালেদা খানম জানান, গত ৩ জানুয়ারি থেকে সাত দিনের ছুটি নিয়ে শিক্ষার্থীরা বাড়িতে যায়। ছুটি শেষে ফিরলে সোমবার তাদের ক্লাসে যাই। এরপর কয়েকজনকে কাশি দিতে দেখি। কারও জ্বর বা গলাব্যথা আছে কিনা জানতে চাই। এক শিক্ষার্থী জানায়, তার প্রচন্ড গলাব্যথা ও জ্বর। আরও একজন জানায়, তার দুই দিন ধরে জ্বর। বাকি শিক্ষার্থীরা জানায়, তাদের কাশি আছে। তবে তেমন কোনও সমস্যা নেই।
তাৎক্ষণিক দুই শিক্ষার্থীকে করোনা পরীক্ষা করতে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে একজনের রিপোর্ট পজিটিভ আসে। মঙ্গলবার আরও ৫৫ শিক্ষার্থী নমুনা পরীক্ষা দিলে ১০ জনের পজিটিভ আসে।
বুধবার নোয়াখালী জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের কর্মকর্তারা কলেজে এসে বাকি শিক্ষার্থীর নমুনা নিয়ে যান। বৃহস্পতিবার হাসপাতাল থেকে জানানো হয়, ৮০ শিক্ষার্থীর করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।
তিনি আরও জানান, আক্রান্তদের মধ্যে ১০ জনকে ডিজির অনুমতি নিয়ে অভিভাবকের সঙ্গে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। বাকি ৮১ জন কলেজ হোস্টেলে হোম কোয়ারেন্টাইনে রয়েছে। তাদের করোনার কিছু লক্ষণ থাকলেও এখন অনেকটা ভালো আছে।









